রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে শনিবার মধ্যরাতে গাড়ি থেকে একটি মরদেহ ফেলে যাওয়া হয়। মরদেহটি জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুস সালাম বাহাদুরের বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৬ জুলাই) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
৫২ বছর বয়সী সালাম বাহাদুরের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। ধানমন্ডি-২৭-এ তার বাসা। পেশায় তিনি ঠিকাদার ছিলেন।
ওসি বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। শুনেছি মরদেহটি জাতীয় পার্টির এক নেতার। আমাদের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।’
তিনি বলেন, ‘নিহতের পরিবারের লোকজন থানায় আসছে, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, ‘পরিবারের লোকজন বলেছেন, শনিবার বেলা ১টার দিকে ধানমন্ডির বাসা থেকে বের হন তিনি। পরে মধ্যরাতে হাসপাতাল চত্বরের জরুরি বিভাগের সামনে কে বা কারা মরদেহ ফেলে যায়। লাশের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি। তদন্ত চলছে।’
জানা গেছে, আব্দুস সালাম বাহাদুর জাতীয় পার্টির অর্থ সম্পাদক ছিলেন। তিনি সড়ক ও জনপথ বিভাগে ঠিকাদারি করতেন। হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সময় জগন্নাথ কলেজে ছাত্রনেতা ছিলেন। জেপি হওয়ার পর কিছু দিন দলের সহযোগী সংগঠন যুব সংহতিতে ছিলেন তিনি। পরে মূল পার্টিতে যোগ দেন।









