তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তি মারা গেছেন শুক্রবার রাতে। নিহত শাহাদাত হাওলাদার (৫০) তেজগাঁও এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
শুক্রবার (১ ডিসেম্বর) রাত পৌনে ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশ টায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর দুর্ঘটনার বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও ফায়ার স্টেশনের সদস্য আজিজুর রহমান বলেন, "ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন শাহাদাত। সংবাদ পেয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই।"
শাহাদাত তেজগাঁও এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং ওই এলাকাতেই থাকতেন বলে জানান তার শ্যালক রেজাউল হাওলাদার।
তিনি বলেন রাতে সংবাদ শুনে হাসপাতালে এসে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।









