রাজধানীর দক্ষিণখান শহীদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. এনামুল হক ওয়াসির (৩৮) নামে আরও একজন। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
মাসুম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দশবাহা গ্রামের মো. ইব্রাহিম খলিলের ছেলে। বর্তমানে দক্ষিণখান ময়নারটেকে থাকতেন। তিনি ইউনিলিভার ডিপুর পরিবহন সেক্টরে চাকরি করতেন।
হাসপাতালে নিয়ে যাওয়া নিহতের বন্ধু হাসিবুল কবির সজীব বলেন, ‘সকালে দক্ষিণখান ময়নার টেকের বাসা থেকে সহকর্মী ফারুকের মোটরসাইকেলে পূবাইল উলখোলায় অফিসে যাচ্ছিলেন মাসুম। পথে দক্ষিণখান শহীদ নগর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুই জন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।
মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। আহত ওয়াসির জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’









