ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় এই বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা।
এসময় ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘বয়কট ইসরায়েলি পণ্য’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বসুন্ধরা আবাসিক এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মকর্তারা।

এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা, গ্রীন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা, আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটির শিক্ষার্থীরা, বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ও শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীরা, বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, পূর্বাচলে গ্রীন ইউনিভার্সিটি, সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরাও।
আন্দোলনকারীরা বলেন, ফিলিস্তিনে যেভাবে নারী, শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তা মানবতার চরম লঙ্ঘন। আমরা শুধু ছাত্র নই, আমরা সচেতন নাগরিক। নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে আমরা চুপ থাকতে পারি না।
এসময় তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।









