রাজধানীর মুগদায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে আতিকুর রহমান (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি পেশায় ঢাকা রেলওয়ের এসএস ফিটার (মেকানিক) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে মুগদা জেনারেল হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ওবায়দুল হক জানান, আতিকুর রহমান মুগদা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মুগদা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে সহকর্মীরা ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে মৃত আব্দুর রহমানের ছেলে আতিকুর রহমান। বর্তমানে তিনি মুগদা এলাকায় একা থাকতেন, তবে তার পরিবার গ্রামের বাড়িতে থাকে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।









