রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে করাতিটোলায় তাসলিমা আক্তার নামের এক নারীকে হত্যার অভিযোগে আব্দুল্লাহ ওরফে সোহাগ ওরফে রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিহতের প্রেমিক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে করাতিটোলা ক্লাব মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাজুকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) খালেদ হাসান বলেন, তাসলিমার সঙ্গে তার প্রায় এক বছর ধরে সম্পর্ক ছিল। সম্পর্কের অজুহাতে তার কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ৫০ লাখ টাকা ধার নিয়ে আত্মসাৎ করেন তাসলিমা। এ কারণে রাজুর ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়। এছাড়া তাদের সম্পর্কের কারণে স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। আর এসব কারণে ক্ষোভ থেকে তাসলিমাকে কুপিয়ে হত্যা করেন রাজু।
উল্লেখ্য, গত সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় করাতিটোলার দক্ষিণ সায়েদাবাদ এলাকার বাসায় তাসলিমাকে কুপিয়ে ফেলে রাখা হয়েছিল। পরে দেবর নাদিম ও স্বামী রশিদ আহামেদ বাপ্পি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজুকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে।
তাসলিমা বংশালের মাহুতটুলীর জয়নাল মাদবরের মেয়ে এবং রশিদ আহামেদ বাপ্পির দ্বিতীয় স্ত্রী তাসলিমা। সন্তান নিয়ে ৭৩/১ দক্ষিণ সায়েদাবাদে থাকতেন তিনি।









