ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। নাগরিক সমস্যার দ্রুত সমাধান, এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কমিটি, বাড়ির মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয়, ঢাকা ওয়াসা, ডিপিডিসিসহ সংশ্লিষ্ট সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।
রবিবার (২২ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্যের কার্যালয় আয়োজিত সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, একটি এলাকার সমস্যা সমাধানে শুধু জনপ্রতিনিধি বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব সেবা সংস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। এ লক্ষ্যেই ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, একটি মহল্লার মানুষকে ছোট ছোট নাগরিক সমস্যা নিয়ে বারবার বিভিন্ন দফতরে ছুটতে হবে না। এলাকার সমস্যা নাগরিক কমিটিতে জানালে সেখানে থাকা পুলিশ, ওয়াসা, ডিপিডিসি ও অন্য সংস্থার প্রতিনিধিরা বিষয়গুলো শুনবেন, সমন্বয় করবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন। এর মাধ্যমে জনগণের কথা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্য অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সরকার, এলাকা ও দেশের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, দীর্ঘদিন নানা ত্যাগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে আসার পর এখন এলাকার মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই দায়িত্ব। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে এলাকার পরিবেশ নষ্ট করা যাবে না। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কোনও সন্ত্রাসী গোষ্ঠী এলাকার শান্তি নষ্ট করতে পারবে না।
মামলা ও আইনি হয়রানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে যেসব নেতাকর্মী এখনও মামলা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন, তাদের সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংসদ সদস্যের কার্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু অভিযোগ বা আলোচনা নয়, অপরাধের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে। কোথাও অন্যায় বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে তাকে বা তার কার্যালয়কে জানাতে হবে। মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ শোনেন প্রতিমন্ত্রী। আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা ও অন্যান্য সমস্যার তালিকা তার কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এলাকার নিরাপত্তা, নাগরিক সেবা ও সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসআরবির প্রতিনিধি (এএসপি), মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ওসিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন থানার বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।