রাজধানীর মোহাম্মদপুরের একটি মহিলা মেস থেকে সাহারা আফরোজ শিমু (২১) নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টায় ১৩/২ বাবর রোডের মহিলা মেস থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মেসের সদস্যরা জানান, শিমু আশা ইউনিভার্সিটি থেকে সম্প্রতি বিবিএ শেষ করে মাস্টার্সে ভর্তির চেষ্টা করছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর। মেসের তৃতীয়তলার ওই কক্ষে শিমু একাই থাকতেন। শুক্রবার গন্ধ পেয়ে মেসের সদস্যরা দরজা ভেঙে শিমুর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন।
মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দীন মীর জানান, আমাদের কাছে প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই মনে হয়েছে। লাশটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। যে কারণে অর্ধগলিত। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ওই রুম থেকে ঘুমের ওষুধও উদ্ধার করা হয়েছে।
আরও পড়তে পারেন: আইনি প্রক্রিয়া শেষেই নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
/এমও/এজে/







