আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে রাজধানীর প্রতিটি বাস স্টেশন, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একইসঙ্গে সম্মেলন স্থল ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানকে কয়েকটি ভাগে ভাগ করে সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
বুধবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন প্রস্তুত কমিটির স্বাস্থ্য উপ-পরিষদের এক বৈঠক শেষে এই উপ-পরিষদের আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কর্মীরা আসবেন। অনেক বয়স্ক ব্যক্তি হয়তো শেষবারের মতো সম্মেলন দেখতে আসবেন। প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়ে যেতে পারেন। কেউ যাতে বড় ধরনের অসুস্থতার স্বীকার না হন সেদিকে আমরা খেয়াল রাখবো।
তিনি বলেন, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হবে। আর কেউ গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখারও চিন্তা-ভাবনা রয়েছে। সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কমিটির সদস্য সচিব ডা. বদিউজ্জমান ভুঁইয়া ডাবলু বলেন, সম্মেলনে দায়িত্বরত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্যরা কাজ করবেন। কেউ যাতে কোনও ধরনের স্বাস্থ্যগত সমস্যায় না পড়েন সেদিকটি খেয়াল রাখা হবে।
এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপ-পরিষদের সদস্য ডা. আ ফ ম রুহুল হক, ডা. ইকবাল আর্সলান, ডা. জুলফিকার লেনিন, ডা. মাহমুদ হাসান, ডা. এম এ আজিজ, ডা. কামরুল হাসান খান, ডা. হাবিবে মিল্লাত, ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ। সূত্র: বাসস।
আরও পড়ুন-
জামায়াতের মতো বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি আ. লীগের
কুষ্টিয়ায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
/এফএস/








