বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, সরকার শুরু থেকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে যে অবহেলা করেছে, তার মূল্য দিতে হচ্ছে পুরো জাতিকে। বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রামে চারটি মেডিক্যাল কলেজ ও একটি হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, আমীর খসরু অনলাইনে কার্যক্রম উদ্বোধন করেছেন।
অনলাইনে পিপিই বিতরণ অনুষ্ঠানে আমীর খসরু আরও বলেন, ‘খেটে খাওয়া দিনমজুর ভাইবোনদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এখনও সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না। আমাদের দল থেকে শুরু থেকেই জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেছি। অসহায়দের পাশে দাঁড়িয়েছি।’
খসরু জানান, বিএনপির নেতাকর্মীরা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় স্থানীয় নেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
সুরক্ষাসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ ড্যাবের নেতাকর্মীরা।







