নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে ধর্ষণসহ সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নারী ও শিশু অধিকার ফোরাম।
কর্মসূচিগুলো হলো- ৮ অক্টোবর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি, ১০ অক্টোবর সারা দেশে জেলায় জেলায় মানববন্ধন এবং ১১ অক্টোবর ঢাকাসহ সারা দেশে জেলা আদালত প্রাঙ্গণে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এসব কর্মসূচি ঘোষণা করেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'দলমত, জাতির্ধম নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে এর পরিত্রাণ করতে হবে। সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, দীপেন দেওয়ান প্রমুখ।







