তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ কুমিল্লায় তরমুজ ছোড়ার প্রত্যুত্তরে গুলি ছুড়ে আওয়ামী লীগ কর্মীদের আহত করেছেন। এটি বিএনপির মহাসচিব বা অন্য কোনও শীর্ষ নেতার নির্দেশে করেছেন কিনা, তা খতিয়ে দেখা দরকার।
মঙ্গলবার (১০ মে) বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ড. হাছান বলেন, কুমিল্লায় এলডিপির মহাসচিব যে ঘটনাটি ঘটিয়েছেন, সেটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। সেখানে আমাদের দলের কর্মীরা জমায়েত হয়েছিল, তিনিই সেখানে গেছেন। একটি তরমুজ ছোড়ার জবাবে তিনি গুলি ছুড়েছেন। আমাদের দলের দুজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।
তথ্যমন্ত্রী বলেন, এখন রেদওয়ান আহমেদ বিএনপির মহাসচিব কিংবা অন্য কোনও শীর্ষ নেতার নির্দেশে গুলি ছুঁড়েছেন কিনা, তা খতিয়ে দেখা দরকার। ঘটনাটি তদন্তাধীন, সঠিক তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে এবং যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।









