নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি বর্ণচোরা। তারা মাতৃভাষাকে শ্রদ্ধা করে না, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। তাদের শ্রদ্ধা জানানোর জায়গা শহীদ মিনার নয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরল উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তি রচনা করেছিলেন। ২০০১ সালে ১ অক্টোবরে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত জোট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ এক চুল এগিয়ে নেয়নি। তারা এর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষার যে অর্জন সেটি তারা সামনের দিকে এগিয়ে নেয়নি। অথচ তারা আজ শহীদ মিনারে এসে কাঁদে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়।’
পাকিস্তানি শাসকগোষ্ঠী আমার মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাকে যেন তুলে ধরতে না পারি সে জন্য যত ধরনের কর্মকাণ্ড দরকার সেটি তারা করেছিল। এ ধারাবাহিকতা চলেছিল জিয়াউর রহমানের হাত ধরে, এরশাদের পথ ধরে। খালেদা জিয়াও একই ধারায় চলেছে। কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পেরেছি। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, তাদের চেতনা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। সমগ্র পৃথিবী তাদের সংগ্রামের কথা জানতে পারছে।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যারা পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালিত করার চেষ্টা করেছিল আজ যদি তারা ক্ষমতায় থাকতো তাহলে দেশের এই উন্নয়ন হতো না। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’









