দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের পর রংপুর-৬ আসনেও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) তার পক্ষে ফরম সংগ্রহ করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল)।
রাতে এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, নেত্রীর পক্ষে রংপুর-৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল)। এ সময় রংপুরের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগ সাভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। সে সময় গোপালগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। রবিবার বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি এবং শনিবার ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, রবিবার সরাসরি বুথ থেকে বিক্রি হয়েছে ১ হাজার ১৮০টি ফরম। অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা আর অনলাইনে ১৬ লাখ টাকা।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত।
এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।









