নোবেল বিজয়ী ড. ইউনূসকে ‘অপমানিত করার দুরভিসন্ধি’ সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (৫ জুন) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্পোকপার্সন ম্যাথিউ মিলারের ভাষ্য ‘ড. ইউনূস ন্যায়বিচার না পেলে বাংলাদেশে আইনের শাসন ব্যাহত হবে, বিদেশি বিনিয়োগও সে ক্ষেত্রে নিরুৎসাহিত হবে’— এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ড. ইউনূসের আইন অনুযায়ী বিচার হবে। এখানে আইনের কোনও ব্যত্যয় হবে না।
তিনি বলেন, এ দেশের সহস্র জননীর কান্নার আওয়াজ এখনও শোনা যায়। যারা ঋণ নিয়ে নির্যাতিত হয়েছে সেটা ভুলে গেলে চলবে কী করে? মামলায় তার (ড. ইউনূস) প্রতি কোনও অবিচার করা হবে না। তার যেটা প্রাপ্য, সুষ্ঠু বিচারই হবে। কোনভাবেই অপমানিত করার কোনও দুরভিসন্ধি আমাদের নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই বিশ্বে আমেরিকা একটা বড় শক্তি। তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক তারা এগিয়ে নিয়ে যেতে চায়। আমরাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্ষোভ-বেদনা থাকার পরও বজায় রাখতে চাই। সম্পর্ক নষ্ট করতে চাই না। তাদের কথা তাদের আপন মানুষ নেতানিয়াহু মানে না। কতদিন হয়ে গেলো, সে বলে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ করবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।









