আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের পথে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জেলে নেওয়ার অর্থ হচ্ছে সব গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার কেড়ে নেওয়া। এটা কোনও বিচারকের রায় নয়, এটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষের অধিকার হরণের চক্রান্তের একটা হচ্ছে খালেদা জিয়াকে জেলে নেওয়া।’ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রতিক্রিয়া কী দেবো, আওয়ামী লীগ প্রতিনিয়তই আবল-তাবল বলে যাচ্ছে। বিএনপি যা বলে যাচ্ছে তা জনগণের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, আইনের পক্ষে। এই কথাগুলো রাষ্ট্রবিজ্ঞানের কথা।’
‘খালেদা জিয়ার জেলে যাওয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই’, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘যদি কেউ বলেন খালেদা জিয়ার জেলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ আইনগত, এখানে আওয়ামী লীগের কোনও হাত নেই, একথা কেউ বিশ্বাস করবে কি? ১৭ কোটি মানুষ কি এ কথা বিশ্বাস করবে? এ কথা কেউ বিশ্বাস করবে না।’
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, নাগরিক অধিকার ফোরামের সভাপতি নাসির উদ্দিন হাজারি প্রমুখ।








