প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জরিপ সিটি করপোরেশন নির্বাচনকে প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরে তিনি ইশরাকের মা ইসমত আরার সঙ্গেও দেখা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা বলেছেন সিটি নির্বাচনে তাদের দুই মেয়র প্রার্থী জয়ী হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত জাতীয় নির্বাচনের আগে একইভাবে জয় একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন। সাধারণত, যারা জ্যোতিষ তারা এ ধরনের ভবিষ্যদ্বাণী করেন।’
জয়ের এরকম জরিপের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রীর চিন্তা করা উচিত, তাকে (সজীব ওয়াজেদ জয়) তার উপদেষ্টা হিসেবে রাখবেন, নাকি রাজজ্যোতিষী হিসেবে নিয়োগ দেবেন।’
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে নিজের করা জরিপের ওপর ভিত্তি করে ফেসবুকের অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন জয়।
মির্জা ফখরুল বলেন, ‘যখন সরকারি দলের বড় নেতা বা কর্মকর্তারা স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে এ ধরনের কথা বলেন, তখন ডেফিনেটলি সেটা গোটা নির্বাচনের ওপরই প্রভাব পড়ে। সরকারি কর্মকর্তাদের যেসব কথা শুনছি, নেতারা যেসব কথা বলছেন তাতে এটা স্পষ্ট, সরকার চেষ্টা করছে পুরো নির্বাচনকে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য।’
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে আপনারা কী করবেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি, আমাদের জনগণই যা কিছু করার করবেন। জনগণই প্রতিরোধ গড়ে তুলবেন। তাদের ভোটের অধিকার নিশ্চিত করবেন।’
এ সময় ইশরাক হোসেন বলেন, ‘আমি একটি কথায়ই বলবো, ভোটকেন্দ্র দখল হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।








