পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে দেশে-বিদেশের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৮ মার্চ) দুপুরে পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, ‘আমি পবিত্র লাইলাতুল বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দেশবাসীকে আহ্বান জানাই।’
বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বের সব মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী পবিত্র ও কল্যাণময়। এ রাতে কৃতকর্মের নিরিখে মানুষের ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আল আমীন। তাই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর দরবারে প্রার্থনা করে। নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পাওয়ার জন্য কলুষমুক্ত সরল ও সোজা পথে চলতে বান্দারা আল্লাহ’র সাহায্যের জন্য মোনাজাত করবেন।’
তিনি বলেন, ‘এই মহিমাময় রাতে সবার জীবন যাতে সুখকর হয় তার জন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি। এ রহমতের রাতে আমরা সবাই মানব জাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি। মহান রাব্বুল আলামীনের নিকট সেজন্য রহমত ভিক্ষা চাইছি।’







