দেশের জনগণ এখন আওয়ামী সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানান কমিটির আহ্বায়ক আবদুস সালাম।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, হারুনুর রশীদ হারুন, এস কে সিকান্দার কাদির, সিরাজুল ইসলাম সিরাজসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন আবদুস সালাম।
বিবৃতিতে সালাম বলেন, ‘ক্ষমতা হারানোর আতঙ্কে আওয়ামী লীগ সরকার দেশকে বিএনপিশূন্য করতে এখন বেপরোয়া হয়ে মাঠে নেমেছে। মহামারি করোনাকালেও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ণের অংশ হিসেবে মিথ্যা, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান অবৈধ আওয়ামী সরকার।’
সালামের মন্তব্য, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন সরকার মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতেই নানা ধরনের অপকর্মের আশ্রয় নিচ্ছে।’ ‘কিন্তু এসব অপকর্ম করে পার পাবে না ক্ষমতাসীনরা, উল্লেখ করেন আবদুস সালাম।








