বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসেছে নেতাকর্মীরা। তারা বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে অবস্থান করার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করছে বলে অভিযোগ বিএনপির।
বিএনপির পক্ষে থেকে বলা হচ্ছে, রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে অনেক নেতাকর্মীকে আটক করে রাজধানীর বিভিন্ন থানায় নিয়ে গেছে।
এ প্রসঙ্গে বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করে বলেছেন, ‘দলের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসসহ হোটেল মিডওয়েতে যারা ছিল, সবাইকে তুলে নিয়ে গেছে পুলিশ।’
তিনি আরও বলেন, বিএনপির মহাসমাবেশের প্রাক্কালে রাজধানীর বিভিন্ন হোটেলে তল্লাশি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের হিড়িক চলছে। তিনি এর নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতার নেতাদের মুক্তি দাবি করেন।
দলটির পক্ষ থেকে আরও দাবি করা হচ্ছে, হোটেল মিডওয়ে, নয়াপল্টনে পুলিশ রেইড দিয়ে বিএনপির অনেক নেতাকর্মী আটক করছে। নয়াপল্টন মিডওয়ে হোটেল থেকে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবীসহ ৭০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালসহ দিনাজপুর ও ফেনীসহ বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী আছেন, তাদের আটক করেছে পুলিশ।
এ ছাড়া মো. সজিব রাজা সিনিয়র সহসভাপতি পাংশা উপজেলা ছাত্রদল, মো. ইমরান হোসেন পাংশা উপজেলা ছাত্রদল, মো. জাহিদ হোসেন কলিমহর ইউনিয়ন ছাত্রদল, মো. কনক মৌরাট ইউনিয়ন ছাত্রদল। ছাত্রদলের এই চার জনসহ সর্বমোট ২০ জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল আলিম বাংলা ট্রিবিউনকে বলেন, বিভিন্ন অভিযোগে বুধবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে মিরপুরের কিছু পয়েন্ট থেকে বিএনপির ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে ২৭ জুলাই সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। দলটি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে আবেদন করেছিল। এরই মধ্যে কাল সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেন।
তবে বুধবার (২৬ জুলাই) ডিএমপি কমিশনার তাদের গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য পরামর্শ দেন।
এদিকে এক দিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বহুল আলোচিত এই মহাসমাবেশ হবে বলে বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।








