বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই। যারা ভাবে বিএনপি থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। বিএনপি মানুষের মননে-মগজে টিকে আছে এবং ইনশাল্লাহ এই দেশকে সকল রকমের বালা-মুসিবত-বিপদ থেকে রক্ষা করবে।’
শুক্রবার (৩১ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ‘গণদোয়া’-পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির থেকে একমাত্র স্বাধীনতা নিরাপদ। কারণ, এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছিলেন। সুতরাং একমাত্র বিএনপিই একটা দল যার হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই। তিনি নিজে যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করেছেন। অন্যান্য সেক্টর কমান্ডাররা ঘরে বসেই যুদ্ধ পরিচালনা করেছেন। কিন্তু একমাত্র আমাদের শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে যুদ্ধ করেছেন সরাসরি নিজেই।’
তিনি বলেন, ‘আজকে জিয়াউর রহমানের নাম শুনলেই গাত্রদাহ হয়। কারণ যে কাজটা তাদের করার কথা ছিল, ওই কাজটা জিয়াউর রহমান করে ফেলেছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কাল মাত্র সাড়ে তিন বছর… এ সময়ে তিনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন… তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে যেখানে নিয়ে গিয়েছিলেন, আজকে সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে এই সরকার।’
জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিরউদ্যোগে এই গণদোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মহানগর দক্ষিনে বিভিন্ন ওয়ার্ডসহঅঙ্গসংগঠনের নেতা-কর্সী-সমর্থকরা দোয়ায় সামিল হন। জাতীয়তাবাদী ওলামাদলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা এই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।









