বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এ সময় আতিকুর রহমান রুমন বলেন, ‘ক্ষমতাচ্যুত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা অতীতে এই শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে আমাদের নেতাকর্মীদের আসতে বাধা দিতেন। এখানে এলেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে নেওয়া হতো। আমরা নিরাপদে ঘরে ফিরতে পারতাম না। কিন্তু এখন আর আগের সেই অবস্থা নেই।’
তিনি বলেন, ‘আমরা চাই, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সবাই আসুক। মাজার জিয়ারত করুক, এখানে মানুষের অভয়ারণ্য হোক।’
তিনি আরও বলেন, “যতদিন নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসে; ততদিন ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জিয়া উদ্যান রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে।”
এদিকে, আজ দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এবং জিয়া উদ্যানে ‘বিভিন্ন ফুলের চারা রোপণ’ ও উদ্যানের লেকে ‘শাপলা ফুলের চারা রোপণ’ করে ‘আমরা বিএনপি পরিবার’।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মো. মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদাত হোসেন।
আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, সদস্যসচিব মোহাম্মদ বাকি বিল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব প্রমুখ।








