বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা অব্যাহতভাবে বাড়ছে। এসব রোগ নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, হামে আক্রান্ত শিশুদের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। আক্রান্তের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপের ঘাটতি এবং আক্রান্তদের জন্য সুষ্ঠু ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় মৃত্যুর মিছিল থামছে না বলে অভিযোগ করেন তিনি। হাম মোকাবিলায় সরকারের ‘দায়সারা’ ভূমিকা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ১৫৭ জনের হামের উপসর্গ এবং ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের হিসাবে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০১। এর মধ্যে শুধু সেপ্টেম্বরে মারা গেছেন ১০৪ জন।
হামের পাশাপাশি ডেঙ্গুতেও বিভিন্ন বয়সী মানুষের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে অনুষ্ঠান হলেও মাঠপর্যায়ে দৃশ্যমান কার্যক্রম শুরু হয়নি।
মশক নিধন কার্যক্রমে অনিয়ম ও দলীয়করণের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং লার্ভা ধ্বংসেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এর ফলে জনগণকে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে এর মাশুল দিতে হচ্ছে।
অবিলম্বে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিকদের জীবন রক্ষায় হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।








