সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ২১:৫৫ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২১:৫৫

সংসদ চলমান থাকা অবস্থায় ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেছেন, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এর পেছনে কী বিশেষ পরিস্থিতি ছিল, সে বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তিনি। একই সঙ্গে অধ্যাদেশের আওতায় বিশেষ একটি গোষ্ঠীকে অন্যায়ভাবে সুবিধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপনের আগে বিলটির বিরোধিতা করে তিনি এসব কথা বলেন।

নাজিবুর রহমান বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অথবা সংসদের অধিবেশন না থাকা অবস্থায় জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত অধ্যাদেশ জারির সময় সংসদ অধিবেশন না থাকলেও পরবর্তী অধিবেশনের মধ্যে দুই মাসের বেশি বিরতি ছিল না। এমনকি অধ্যাদেশ জারির আগে সংসদ অধিবেশন চলমান ছিল এবং অধ্যাদেশ জারির এক মাসেরও কম সময়ের মধ্যে আবার সংসদ বসেছে।

তিনি বলেন, যখন এই কৌশলপত্র প্রণয়ন করা হয়, সেই জুলাইয়ের পরে ১৫ প্যাকেজ দেওয়া হলো, সেই সময় সংসদ চলমান। সেই সময় এই বিলটা না এনে অধ্যাদেশ কী বিশেষ কারণে জারি করা হলো, তার ব্যাখ্যা অধ্যাদেশের মধ্যে নেই।

অধ্যাদেশের কারণ হিসেবে শুধু রাষ্ট্রপতির সন্তুষ্টির কথা উল্লেখ করা হয়েছে জানিয়ে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, কী ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কোথাও ব্যাখ্যা করা হয়নি। সংসদীয় গণতন্ত্রে জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হলেও এ ক্ষেত্রে সংসদকে পাশ কাটানো হয়েছে।

নাজিবুর রহমান বলেন, একটা ফাংশনিং সংসদ রয়েছে। এটাকে বাইপাস করে সংসদের একটা আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটি রয়েছে, সেটাকে বাইপাস করে এই অধ্যাদেশ জারি করার প্রয়োজন পড়লো কেন? এটাকে আমি বলবো, আমাদের আইন প্রণয়নসংক্রান্ত সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের আইন প্রণয়নের অধিকারকে উপেক্ষা করে সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করা হচ্ছে। এ বিষয়ে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ

নাজিবুর রহমান অভিযোগ করেন, বিশেষ একটি গোষ্ঠীকে অন্যায়ভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে অধ্যাদেশটি জারি করা হয়েছে। তিনি বলেন, অন্যান্য ক্রয়সংক্রান্ত বিষয়ে এলে আমরা দেখাবো, এখানে একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, অন্যায়ভাবে সুবিধা দেওয়ার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছে। এ সময় তিনি অধ্যাদেশের আওতায় ক্রয়সংক্রান্ত বিধানগুলো আলোচনায় এলে বিষয়টি তুলে ধরবেন বলে জানান।

রাষ্ট্রপতির সন্তুষ্টি নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই: আইনমন্ত্রী

জামায়াতের সংসদ সদস্যের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশ জারির ক্ষেত্রে রাষ্ট্রপতির সন্তুষ্টি একটি সাবজেক্টিভ সন্তুষ্টি। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ না থাকা অবস্থায় অধ্যাদেশ জারির বিষয়ে রাষ্ট্রপতির এই সন্তুষ্টির ওপর সংসদ বা আদালতের প্রশ্ন তোলার সুযোগ নেই।

আইনমন্ত্রী বলেন, গতকাল সংসদে অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছিল সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদ অনুযায়ী। সেটি সংসদের সামনে উপস্থাপন করা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন সরকার যে বিল এনেছে, সেটি নতুন করে পরীক্ষা-নিরীক্ষা হবে। কার্যতালিকা অনুযায়ী বিলটি কমিটিতে যাবে, সেখানে যাচাই-বাছাইয়ের পর সংসদে আসবে।

তিনি বলেন, পার্লামেন্ট আইন প্রণয়নের সার্বভৌম। পার্লামেন্ট আইন প্রণয়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হাত দিতে পারেন না। কিন্তু ৯৩-এর ১-এ রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর এই পার্লামেন্টের হাত দেওয়ার ক্ষমতা নেই।

আইনমন্ত্রী আরও বলেন, অধ্যাদেশ সংসদের সামনে উপস্থাপনের পর সেটিকে আইনে রূপান্তর করা হবে কি না, সেই সার্বভৌম ক্ষমতা সংসদের রয়েছে। তবে অধ্যাদেশ জারির সময় রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়টি আলাদা।

পরে নাজিবুর রহমান আবার বক্তব্য দিয়ে বলেন, সংবিধানে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও কোন বিশেষ পরিস্থিতিতে সেই ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, তা জানার অধিকার সংসদ সদস্য ও জনগণের রয়েছে। আদালতে চ্যালেঞ্জ করার বিষয়টি এক রকম, আর স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া আরেক বিষয়।

৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনার পরিকল্পনা

বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলা এবং বিকল্প জ্বালানির উৎস বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এ কারণে দ্রুত সৌরবিদ্যুতে যাওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, আগামী গ্রীষ্মের আগে মানুষের লোডশেডিংয়ের ভোগান্তি কমাতে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনার চেষ্টা করছে সরকার।

মন্ত্রী বলেন, সরকারি কার্যক্রমে সময় লাগে। এ জন্য নীতিমালা তৈরি করে বিভিন্ন বিষয় একত্র করে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি সংসদে আনা হয়েছে। বিলটি সংসদে পাস করার আগে সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এরপর বিদ্যুৎমন্ত্রী সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপনের প্রস্তাব করেন। স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। পরে মন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেনজীর জামিন পেলেও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’