সম্মিলিত জাতীয় জোটের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো শক্তি আছে উল্লেখ করে জাতীয় পার্টির নেতা ও রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশিদ বলেছেন, ‘আমরা রওশন এরশাদের নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো।’
শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্মিলিত জাতীয় জোটের আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী মামুনুর রশিদ বলেছেন, ‘আমরা হুসেইন মুহাম্মদ এরশাদকে অনুসরণ করেই দেশ গঠনে কাজ করে যাবো। তিনিই দেশে উন্নয়নের বীজ বপন করে গিয়েছিলেন। যে উদ্দেশ্য নিয়ে এরশাদ জাতীয় পার্টি গঠন ও ৫৮ দলের জোট করেছিলেন তা আমরা বাস্তবায়ন করবো। আগামী নির্বাচনে আমরা রওশন এরশাদের নেতৃত্বে অংশ গ্রহণ করবো। তবে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হতে হবে। বাংলাদেশকে নিয়ে যেন কোনও ষড়যন্ত্র কেউ করতে না পারে সেদিকেও আমরা সজাগ থাকবো।’
এসময় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের সমালোচনা করে জোটের মহাসচিব ডা. খন্দকার ইমদাদুল হক সেলিম বলেন, ‘নুরুল হক নূর ছিলেন একজন ছাত্র। মুক্তিযোদ্ধাদের (কোটা সংস্কার আন্দোলন) বিরুদ্ধে শাহবাগে আন্দোলন করে তিনি নেতা হয়ে গেলেন। তিনি ইসরায়েলের সাথে বৈঠক করে দেশ বিরোধী কাজ করেছেন। আমরা তার বিচার দাবি করি।’
সভায় জোটের মুখপাত্র আলতাফ হোসেন মোল্লা বলেন, ‘হুসেইন মুহাম্মদ এরশাদ ঢাকার চারপাশে বেড়িবাঁধ করে দিয়েছিলেন। তাই আজ ঢাকা শহর বন্যা থেকে রক্ষা পাচ্ছে। তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিলেন বলেই তাকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তিনিই বাংলাদেশে শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন।
এই জোট রওশন এরশাদের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনও ষড়যন্ত্র আমাদের এই জোটকে পরাজিত করতে পারবে না।
সম্মিলিত জাতীয় জোটের সমন্বয়কারী শাহ ওয়ালী উল্লাহ ফরহাদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের মহাসচিব খন্দকার মো ইমদাদুল হক সেলিম।







