যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার আগে নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। এই প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি আগেও জানিয়েছি। অথচ এই বিষয়ে যখন আলোচনা চলছিল, তখন স্টেকহোল্ডার হিসেবে আমাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি।”
বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের পরিদর্শন শেষে সাংবাদিকদের বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ দাবি করেন, তার পদত্যাগের দুই মাস পর এই চুক্তিটি হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে এটি সম্পর্কে তার জানার সুযোগ ছিল না। তখন স্টেকহোল্ডার হিসেবে এনসিপির সঙ্গে আলোচনা হওয়া উচিত ছিল বলে উল্লেখ করেন তিনি। কিন্তু যারা আলোচনায় ছিলেন, সবার কাছ থেকেই প্রায় একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। চুক্তি হওয়ার আগ পর্যন্ত বিষয়টি নন-ডিসক্লোজার হিসেবে রাখতে চেয়েছিলেন। তাই অনেক স্টেকহোল্ডারের সঙ্গেই হয়তো আলোচনা হয়নি।
তিনি বলেন, “এই চুক্তি নিয়ে আরও সচেতনতা প্রয়োজন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, যাতে সবাই এর সুফল-কুফল (প্রস অ্যান্ড কনস) বুঝতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার। কারণ সোশ্যাল মিডিয়া ও টকশোতে সত্য-মিথ্যা মিলিয়ে নানা ধরনের তথ্য প্রচার হচ্ছে। তাই সচেতনতা বৃদ্ধি খুবই প্রয়োজন।”
তিনি আরও বলেন, “এই বিষয়ে যোগাযোগ আরও কার্যকরভাবে করা প্রয়োজন। ইউএস অ্যাম্বাসিরও বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করা উচিত, যাতে কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। তবে কিছু বিষয়ে আমাদের সমালোচনামূলক অবস্থান রয়েছে এবং সেসব বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি।”

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম







