জনগণের সঙ্গে ওয়াদা অনুযায়ী গণভোট বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, “হকার, রিকশাশ্রমিক এবং পোশাকশ্রমিকরা জুলাই গণঅভ্যুত্থানকে টেনে বিপ্লবে পরিণত করেছিলেন। অথচ বর্তমান সরকার মানুষকে কর্মসংস্থানের টোপ দিয়ে বেকারে পরিণত করেছেন।”
শনিবার (২৫ জুলাই) রাজধানীর ইস্কাটনের একটি মিলনায়তনে জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে আয়োজিত জুলাই শক্তি জাগরণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, “সংসদে সরাসরি হয়তো কোনও শ্রমিক প্রতিনিধি নেই। কিন্তু আমরা শ্রমিকদের পক্ষ হয়ে কথা বলবো।” পরের নির্বাচনে সরাসরি শ্রমিক প্রতিনিধি নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ক্ষোভের সঙ্গে বলেন, “শ্রমিকদের বিকল্প আয়ের ব্যবস্থা না করে, তাদের উচ্ছেদ করা হচ্ছে। রিকশা তৈরির সব মালামাল আমদানি বন্ধ না করে পুঁজিবাদী কায়দায় রিকশা শ্রমিকদের ওপর নির্যাতন নতুন বন্দোবস্ত হতে পারে না।”
জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব ঋআজ মোর্শেদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শ্রমিকদের অবদানকে পরোক্ষভাবে তুলে ধরা হয়েছে। সরাসরি তাদের ভূমিকাকে তুলে ধরা হয়নি।” এর সঙ্গে তিনি রিকশা শ্রমিকদের উচ্ছেদ না করে, তাদের জন্য আলাদা লেন করার ডাক দেন।
সংগঠনটির মুখ্য সংগঠক আরমান হোসাইন পোশাকশ্রমিকসহ সব সেক্টরের শ্রমিকদের আগামী বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
শ্রমিকনেতা তৌফিক উজ জামানের সঞ্চালনায় এবং জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন, যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, শ্রমিক সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সৌরভ খান সুজন, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল, যুগ্ম সদস্য সচিব শেখ রায়হান হোসেন, রিকশা শ্রমিকনেতা ফরিদুল ইসলাম। উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মামুন চাকলাদার, শেখ রুবেল এবং মোতালেব শিকদারসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিকনেতারা।
সমাবেশে জাতীয় শ্রমিক শক্তির বিশেষায়িত ইউনিট জাতীয় রিকশা ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ করা হয়। রিকশা ভ্যান চালক শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ এবং সদস্য সচিব হয়েছেন ওবায়দুল ইসলাম। এই সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন মো. শফিকুল ইসলাম হানিফ।

নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?







