লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম এ ঘটনার জন্য ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীদের’ দায়ী করেন। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
স্ট্যাটাসে নাহিদ ইসলাম বলেন, লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের নেতারা অংশ নেন। তাদের ব্যাপক অংশগ্রহণে তারা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত।
তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।
নাহিদ ইসলাম আরও জানান, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।
তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
কেমব্রিজে একক আলোচনা সভায় বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম