বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষমতাসীন দলের মহড়াকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘সভা-সমাবেশ নিষিদ্ধ হলে র্যাব-পুলিশের মাঝখানে হুন্ডা মহড়া হয় কিভাবে? তারা কি আইনশৃঙ্খলা বাহিনী নাকি আওয়ামী লীগের সন্ত্রাসি? সরকার দলীয়রা বুক চিটিয়ে মোটর সাইকেল বহর নিয়ে যাচ্ছে। তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। এটা কি উসকানি নয়?’
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিযায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জনতাকে ভয় পায়। দুঃশাসনের দৌরাত্ম ভয়ঙ্কর রূপ নিয়েছে। তারা জনতার আওয়াজ শুনলেই আঁতকে ওঠে। সরকারি বাহিনীর উন্মত্ত আচরণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।’
রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী অমানীষার কাল তৈরি করেছে। তারা জনতার উত্তাল ঢেউ প্রতিহত করার চেষ্টা করছে। কার পারপাস, কার স্বার্থ রক্ষা করা হচ্ছে? আমাদের বলার কিছু নেই।’
এসময় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বুধবার রাত থেকেই বিএনপির অফিসের সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে গণমাধ্যম কর্মীদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে আশেপাশে সাধারণ জনগণ নেই। বিএনপির অফিসে প্রবেশের দুইটি পথের মুখেই ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।







