ঈদুল ফিতরের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বিএনপি। আগামী বৃহস্পতিবার (১৪ জুন) স্মারকলিপি দেওয়া হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে চান না খালেদা জিয়া। কারণ, তার আওয়ামী লীগের দলবাজ চিকিৎসকদের ওপর আস্তা নেই।’
সোমবার (১১ জুন) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘গুরুতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাচ্ছ্বিল্য ও অবহেলা করছে তাতে গভীর আশঙ্কা হয় সরকার তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মহা চক্রান্তে লিপ্ত রয়েছে। ইউনাইটেড হাসপাতালে উন্নতমানের চিকিৎসার দাবি উপেক্ষা করে সরকার তাকে পিজি (বিএসএমএমইউ)হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলে চলেছে। সেখানে তো সব দলবাজ চিকিৎসক।’
আরও পড়ুন: ‘খালেদা জিয়া রাজি থাকলে মঙ্গলবার নেওয়া হবে বিএসএমএমইউতে’
বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আগেই চাকরিচ্যুত করে বিদায় করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সেখানকার আওয়ামী লীগের দলবাজ চিকিৎসকদের দ্বারা বেগম জিয়ার চিকিৎসা হবে না। কারণ এসব চিকিৎসকদের ওপর তার এবং দেশের মানুষের কোনও আস্থা নেই। তারপরেও সরকার জবরদস্তিমূলকভাবে বেগম জিয়াকে পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলা দূরভিসন্ধিমূলক ও সুপরিকল্পিত চক্রান্ত।’
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নিরাপদ মনে করেন না। তাই তিনি সেখানে চিকিৎসা নিতে চাচ্ছেন না। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে সরকারি নোংরা চাতুরিটা ভয় ও বিপদের অশুভ সংকেত।’
কালবিলম্ব না করে খালেদা জিয়াকে তার পছন্দ অনুযায়ী বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানান রিজভী।







