ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দলটির দ্বিবার্ষিক শুরার অধিবেশনে কেন্দ্রীয় মজলিশে আমেলার (কার্যনির্বাহী পরিষদ) ৪১ সদস্যবিশিষ্ট কমিটিও নতুন করে গঠন করা হয়েছে। কমিটিতে মহাসচিব হিসেবে মাওলানা ইউনুছ আহমাদ পুনর্নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, কেন্দ্রীয় কমিটি নির্বাচনের অধিবেশন প্রকাশ্যে হলেও গোপনেই শুরার অধিবেশন করে ইসলামী আন্দোলন। এই শুরার অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়নি অন্য কোনও দলের প্রতিনিধিদের। এমনকি সাংবাদিকদেরও আগে থেকে অধিবেশনের তথ্য জানায়নি দলটি।
এর আগে, বুধবার ইসলামী আন্দোলনের ২দিনব্যাপী শুরার অধিবেশন শুরু হয়। প্রথম দিনে সারা দেশের বিভিন্ন জেলা কমিটি ও জেলার কার্যক্রম নির্ধারণ করা হয়। দ্বিতীয় দিনে কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক কর্ম পরিকল্পনা ও মজলিশে আমেলার আমির ও মহাসচিব নির্বাচন অনুষ্ঠিত হয়। আমির ও মহাসচিব নির্বাচিত হয়ে শুরার সদস্যদের সঙ্গে আলোচনা করে মজলিশে আমেলার (কার্যনির্বাহী পরিষদ) ৪১ সদস্যবিশিষ্ট কমিটির পদ বণ্টন করেন। এসব পদে কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ইসলামী আন্দোলন জানিয়েছে, দ্বিবার্ষিক শুরার অধিবেশনে ৫ জন উপদেষ্টা পরিষদের সদস্য ও ১১জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়। রাজধানীর পুরানা পল্টনে দলের মিলনায়তনে ২দিনব্যাপী শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরা অধিবেশনে ইসলামী যুব আন্দোলন গঠন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কে এম আতিকুর রহমানকে আহ্বায়ক ও মোহাম্মদ নেছার উদ্দিনকে সদস্য সচিব করে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরিষদ ঘোষণা করা হয়।
গোপন অধিবেশন প্রসঙ্গে দলটির নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, বরাবরই ইসলামী আন্দোলন গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করে। দলের নিজস্ব কিছু কার্যক্রম থাকায় বড় ধরনের কোনও আয়োজন করা হয় না। দলের শুরা সদস্য ছাড়া বাইরের কাউকে অধিবেশনের আমন্ত্রণ জানানো হয় না।
- ধর্মগুরু আব্দুল্লাহ, প্রশিক্ষক রায়হান
- অপারেশন স্টর্ম ২৬: মামলার তদন্ত প্রতিবেদন ১৯ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ
/সিএ/এমও/







