সরকার কর্তৃক সামাজিক সুরক্ষার কৌশল হিসেবে সর্বজনীন পেনশন স্কিম চালুর বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ বলে জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দলের পলিটব্যুরোর এক সভার প্রস্তাবে এমন মত প্রকাশ করা হয়।
সভায় বলা হয়, খেতমজুর, প্রান্তিক কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য এই পেনশনকে নন কন্ট্রিবিউটরি করতে হবে।
ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, সাত বছর আগেই খেতমজুর ইউনিয়নের তরফ থেকে মজুরদের ষাট বছর বয়স পার হলে ন্যুনতম পাঁচ হাজার টাকা দেওয়ার দাবি উত্থাপন করা হয়।
২০১৯ সালে কৃষক খেতমজুর কনভেনশন তাদের সম্মিলিত দাবিনামায়ও পেনশনের বিষয়টি অন্তর্ভুক্ত করে। জাতীয় সংসদেও ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে প্রতিটি বাজেট অধিবেশনে ইউনিভার্সাল পেনশন স্কিম চালুর দাবি জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-২০১৭ সালের বাজেটে এ নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা বললেও গত কয়েক বছরের বাজেটে এর উল্লেখ ছিল না।
পার্টি সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অংশ নেন পার্টির সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল প্রমূখ।









