গণতন্ত্র মঞ্চ ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে পদযাত্রা শুরু করছে রবিবার (৪ জুন) সকাল ৯টায়। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দিনাজপুর অভিমুখে গণতন্ত্র মঞ্চের রোডমার্চের যাত্রা শুরু হবে। এ সময় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করবে মঞ্চ।
শনিবার (৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রোডমার্চের বিস্তারিত তুলে ধরেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় আরও বক্তব্য রাখেন– জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবিতে এই রোডমার্চের ডাক দেওয়া হয়েছে।’
তিনি জানান, ঢাকা থেকে পদযাত্রা শুরু হয়ে সকাল ১১টায় গাজীপুর চৌরাস্তায় সমাবেশ; বিকাল ৪টায় টাঙ্গাইলের করাতিপাড়া বাইপাস মোড়ে সমাবেশ করা হবে। পরদিন (৫ জুন) সমাবেশ হবে সিরাজগঞ্জে শহীদ মিনার সংলগ্ন মুক্তি সোপানে। এদিন বিকাল ৪টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ করবে মঞ্চ। ৬ জুন বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় সমাবেশ এবং বিকাল ৪টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে।
সাইফুল হক জানান, শেষ দিন ৭ জুন বেলা ১১টায় দিনাজপুরে ইনস্টিটিউট চত্বরে সমাবেশ, বিকাল ৪টায় রংপুরে টাউন হল চত্বরে সমাবেশের মধ্য দিয়ে পদযাত্রা শেষ হবে। এছাড়া রোডমার্চ চলাকালীন সময় কিছু অনির্ধারিত পথসভায়ও নেতারা বক্তব্য রাখতে পারেন।
দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে এই রোডমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘আমরা যেকোনও ধরনের উসকানি পরিহার করে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে চাই। আশা করি, সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে সহযোগিতা করবেন।’ রোডমার্চ সফল করতে তিনি জনগণের ঐকান্তিক সমর্থন কামনা করেন।









