দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন। তিনি আবেদনপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ে।
রবিবার (৩০ জুলাই) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্ত।
আবেদনপত্রে শাহাদাত হোসেন বলেন, ব্যক্তিগত কারণেই আমি অব্যাহতি নিয়েছি। সামনে রাজনীতিই করবো। এখন যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগে যেতে চাই। ছাত্রলীগে তো প্রায় এক যুগ হলো। এখন অন্যদের সুযোগ দিতে চাই। আমাকে পদ দেওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে আমি কৃতজ্ঞ।
এ বিষয়ে জানতে চাইলে মেফতাহুল ইসলাম পান্ত বলেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। আমরা সভাপতি ও সাধারণসহ বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আবেদন করলেও, আসলে তাকে কেউ চাপ প্রয়োগ করছে কি না, অন্য কোনও সমস্যা আছে কি না, এসব বিষয়ে খোঁজ নিয়ে তার সঙ্গে কথা বলবো। তারপর আমরা তার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবো।’








