এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধীদলীয় নেতাকর্মীদের দিয়ে কারাগার পূর্ণ করে ফেলেছে। সরকারি হুকুমের সুযোগ কাজে লাগিয়ে পুলিশ মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে ইচ্ছেমতো গ্রেফতার বাণিজ্য করছে। রাত নেমে এলেই ডিবি পরিচয়ে রাজনৈতিক নেতাদের বাড়ি বাড়ি চলছে অভিযান।
সোমবার (১৩ নভেম্বর) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিজয়-৭১ চত্বরে এবি পার্টি আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, এরকম ভীতিকর পরিস্থিতির মধ্যে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণার নীলনকশা আঁকছে। জনগণ এই পাপেট ইসি’র নির্বাচনি শিডিউল প্রত্যাখ্যান করবে। এসময় তিনি অবিলম্বে বিরোধী দলের গ্রেফতারকৃত ১০ হাজার নেতাকর্মীর মুক্তি দাবি করেন।
প্রতীকী অনশনে আরও বক্তব্য রাখেন যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান খোকন প্রমুখ।








