কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংস ঘটনাবলীর নিন্দা জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। একই সঙ্গে কোটা আন্দোলনকারীরা নিজেদের রাজাকার আখ্যায়িত করে যে স্লোগান দিয়েছে তারও নিন্দা জানিয়েছে দলটি। দলটির নেতারা বলেছেন, স্বাধীন বাংলাদেশে এই স্লোগান দুঃখজনকই নয়, দুর্ভাগ্যজনক বটে।
কোটা সংস্কারের যৌক্তিকতা স্বীকার করে নিয়ে পার্টি বলেছে, এ বিষয়ে মুক্তিযুদ্ধ ও সংবিধানের নির্দেশনার আলোকে একটি সমাধানে পৌঁছানোই হবে যুক্তিযুক্ত পথ।
বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি তার পূর্বতন অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, আদালতের ওপর দায় না রেখে সরকারকে এখনই এ ব্যাপারে একটি সমাধানে পৌঁছাতে হবে।
মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘এই স্লোগানই প্রমাণ করেছে যে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে মুক্তিযুদ্ধের বিরোধিতায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি মহল কেবল তৎপরই নয়, তারা ইতোমধ্যে আন্দোলনের নেতৃত্ব নিজেদের কব্জায় নিতে এসব হঠকারী স্লোগান তুলছে।’
‘এটা কোটা সংস্কার আন্দোলনের জন্য বিপদজনকই নয়, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্যের জন্য বিপদজনক।’
পার্টি বিবৃতিতে আন্দোলনকারীদের এ বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়েছে।









