বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং আনজুমানে রহমানিয়া মনিয়া মাইজ ভাণ্ডারিয়ার নিজস্ব উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার, আশ্রয়কেন্দ্র খোলা ও খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া ও প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (২৭ আগস্ট) দিনব্যাপী বিএসপি চেয়ারম্যানের নেতৃত্বে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বানভাসীদের সহযোগিতায় চাল, ডাল, লবণ, সয়াবিন তৈল পেঁয়াজ, আটা, খিচুড়ি, শুকনো খাবার চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ সুপ্রিম পার্টি ও মইনিয়া যুব ফোরামের ৩০টি টিম এসব কার্যক্রমে অংশগ্রহণ করে।
বন্যার্তদের সহযোগিতার সময় বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, চট্টগ্রাম ফেনী নোয়াখালী কুমিল্লার লাখ লাখ মানুষ বন্যার কারণে মানবেতর জীবন যাপন করছে। এই মুহূর্তে তাদের সহযোগিতার বিকল্প নেই। বন্যাদুর্গত এলাকায় সবাই অসহায় ও কষ্টে রয়েছে। বিএসপি চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকার, দেশবাসীসহ বিএসপির বিভিন্ন পর্যায়ে নেতাদের বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ও বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনে আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়া ভারত ডম্বুর বাঁধ ও ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে ভারতকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি। আমাদের দেশে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া ও প্রতিবাদ জানানোর আহ্বান জানান।









