দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।
রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।
ঢাকার বাইরেও একই কর্মসূচি পালন করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে। এ সময় নুরের কর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন জাপা কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর মাঝখানে পড়ে নুর আহত হন।









