সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লড়াই অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারই এনসিপিকে সর্বোচ্চ বিরোধিতার দিকে ঠেলে দিচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংস্কারের পক্ষে লড়াই জারি থাকবে জানিয়ে নাহিদ বলেন, “দেশের তরুণ প্রজন্মের প্রতি যে আশা বাংলাদেশের মানুষ দেখিয়েছে, এনসিপির পক্ষ থেকে তার সর্বোচ্চ প্রতিফলন দেখাতে হবে।” তিনি বলেন, “আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে। সংস্কারের বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট। এমনটি চলতে থাকলে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে।”
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “ঐকমত্য কমিশন থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে। বিএনপি গণভোটের পক্ষে, তবে প্রধান সংস্কারগুলোর পক্ষে নেই। নিজের মন-মর্জি মতো সংস্কার করতে চাচ্ছে।”
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা।
সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, “পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর।









