গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু হানিফ। এর আগে তিনি দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।
শনিবার (৪ জুলাই) দলের দফতর সম্পাদক মাহবুবুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে আবু হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৮ সাল থেকে আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি। দীর্ঘ সময়ে দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছি। সম্প্রতি দলের নেতারা আমাকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। এজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে ভবিষ্যতে সংগঠনের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে চাই।’









