সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই একমাত্র গুরুত্বপূর্ণ। প্রয়োজনে তিনি দেশের পাশাপাশি আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন আসিফ নজরুল।
পোস্টে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তার মতে, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ আছে।
আসিফ নজরুল লিখেছেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দিয়েছেন। আওয়ামী লীগের প্রতি যাঁদের সামান্য সহানুভূতিও ছিল, তাঁদের জন্য দলটির পক্ষে কথা বলা কঠিন করে তুলছেন।
গ্রামীণ ব্যাংকে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসা ছিল। এর বহিঃপ্রকাশ তার অনুগতদের কর্মকাণ্ডেও দেখা যাচ্ছে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
আসিফ নজরুলের ভাষ্য, আওয়ামী লীগের নেত্রী ও তার অনুসারীরা বিবেচনায় আনেননি যে ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। গ্রামীণ ব্যাংকের ওপর হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটিও তাঁদের ভাবনায় নেই।
পোস্টে তিনি আরও লিখেছেন, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন বলে মনে হচ্ছে। তবে এই সুইসাইড বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজে নন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে আসিফ নজরুল লিখেছেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন; এটা তারা আর কবে উপলব্ধি করবেন?