‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে দেশের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে গত বুধবার এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ কৃষি ব্যাংক অনেক ক্ষেত্রে কস্ট অব ফান্ডের চেয়ে কম হারে ঋণ বিতরণ করে সরকারি কর্মসূচি বাস্তবায়ন, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং অথনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
বিশেষ অতিথি প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ‘কৃষি ব্যাংক ১ হাজার ৩৮টি শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিয়ে কৃষি খাতের উন্নয়ন ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে ব্যাংকটির ১ হাজার ৩৮টি শাখা এবং ৯টি বিভাগীয় কার্যলয়, ৫৩টি মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক কার্যালয়সহ অন্যান্য কার্যালয়ের মাধ্যমে ব্যাংকের নিজস্ব জায়গা ও নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ২ হাজার ৭৬০টি নিমগাছের চারা রোপণ করা হয়।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, পরিচালনা পর্ষদের পরিচালক এম ছায়েদুর রহমান, মাকছুমা আকতার বানু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান, প্রধান কার্যালয় ও কৃষি ব্যাংক কমপ্লেক্সের সব মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নেতারা উপস্থিত ছিলেন।







