দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় একদিনের বেতন দিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীরা। ওই তহবিলের অর্থে সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। এতে বহু মানুষের ঘরবাড়ি, জীবিকা, কৃষিজমি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়।
চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন ইউসিবির কর্মীরা। এ সময় ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
রাউজানের পাশাপাশি দেশের অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসিবি। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় দুর্গত পরিবারগুলোর কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে স্থানীয়ভাবে ত্রাণসামগ্রী সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখার মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়। মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা বিবেচনায় ত্রাণ প্যাকেজ প্রস্তুত ও বিতরণ করা হয়েছে।
ইউসিবি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।









