ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়।
একই প্রজ্ঞাপনে কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে তিনজনকে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে একজন অধ্যাপক শাহ এমরান।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক শাহ এমরান ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতায় যোগ দেওয়ার আগে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইউনিক ফার্মাসিউটিক্যালসে প্রোডাকশন ফার্মাসিস্ট এবং জেসন ফার্মাসিউটিক্যালসে কোয়ালিটি অ্যাশিওরেন্স কর্মকর্তা হিসেবে কাজ করেন।
দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তার ১৭৫টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ১৬টি বই এবং পাঁচটি বইয়ের অধ্যায়ের রচয়িতা। তার তত্ত্বাবধানে ২৩ জন এমফার্ম, পাঁচজন এমফিল এবং ছয়জন পিএইচডি গবেষক গবেষণা সম্পন্ন করেছেন।
২০২৫ সালে তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অধ্যাপক হিসেবে যোগ দেন।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশনের দায়িত্বপ্রাপ্ত একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর অধীনে প্রতিষ্ঠিত এই সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এবং তাদের শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন প্রদান করে।