বিশ্ব দেখছে, এবার কাজে চলো- কথাগুলো ক্রিস্তিয়ানো রোনালদোর। গতকাল এভাবেই নিজের একটি ছবি দিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন পর্তুগিজ তারকা। বিশ্রামের পর অবশেষে তারকা এই ফরোয়ার্ড বিশ্বকাপ অনুশীলনের আমেজটা পেতে চাইছেন। তাই অনুশীলনেও যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ থেকে এখনও ১১ দিন দূরে পর্তুগাল। বিশ্বকাপের আগে আগামী বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। লিসবনে এই ম্যাচে থাকবেন পর্তুগিজ প্রাণভোমরাও। তাই ম্যাচের আগে সোমবার দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।
বিশ্বকাপে নিজেকে মেলে ধরতেই কঠোর অনুশীলনে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাই সাত নম্বর জার্সিটাকে ফোকাসে রাখতে চাইছেন। ছবি দিয়ে তার একটি ঝলকও দেখালেন টুইটারে।
প্রাণভোমরা রোনালদো না থাকায় শনিবারের প্রস্তুতি ম্যাচে ভুগেছে পর্তুগাল। বেলজিয়ামের সঙ্গে ম্যাচটি শেষ হয়েছে গোল শূন্যতে। আগের ম্যাচটি তিউনিশিয়ার সঙ্গে শেষ হয়েছে ২-২ সমতায়। তাই প্রাণভোমরা ফেরায় দলের আত্মবিশ্বাসের রসদ এখন তুঙ্গে। সোমবার এমন কথাই বললেন সতীর্থ মিডফিল্ডার হোয়াও মুতিনহো, ‘খেলার মান বাড়বে কারণ এখন বিশ্বের সেরা একজন আমাদের সঙ্গে আছে। এই মুহূর্তে আমাদের গ্রুপটা সম্পূর্ণ। তার থাকা মানে বাড়তি কিছু। তাই আমাদের শিখতে হবে, একই সঙ্গে নিজেদের উন্নতিটাও করতে হবে।’
রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বার চ্যাম্পিনস লিগের শিরোপা জেতানোর পর বিশ্রাম দেওয়া হয় রোনালদোকে। ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।








