বিশ্বকাপ শুরুর আগে এক ছবি নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন জার্মান দুই তারকা মেসুত ওজিল ও ইকেই গুন্ডোগান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তোলা এই ছবি জার্মান ভক্তরা যে ভালোভাবে নেননি তার প্রমাণ আবারও মিললো গতকাল। দক্ষিণ কোরিয়ার কাছে হারের পর ভক্তরা উগ্র মেজাজে সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ওজিল।
৮০ বছরের ইতিহাসে এমন বাজে ফল করলো বর্তমান চ্যাম্পিয়নরা। যারা গ্রুপ পর্বেই বিদায় হলো। খেলার পর ওজিল যখন টানেলে ফিরছিলেন তখন কাছাকাছি থাকা কিছু জার্মান ভক্ত হারের সেই ক্ষোভ উগড়ে দেন ওজিলকে ঘিরে। ওজিলও তেড়ে আসছিলেন প্রতিক্রিয়ায়। কিন্তু ঘটনা আরও কদর্যতার দিকে যাওয়ার আগে তাকে নিবৃত করেন জার্মান দলের একজন স্টাফ।
হারের পর ওজিলও ছিলেন খুব বিমর্ষ। দলের হার মেনে নিতে পারছিলেন না কোনওভাবেই। নিজের কব্জিতে থাকা ব্যান্ডটিও ছুড়ে ফেলে দেন রাগে। হতাশায় সব কিছু তালগোল পাকিয়ে ফেলছিলেন বোধহয়। তখন নিজেকে সামলাতে সাইড বেঞ্চে বসে পড়েছিলেন।জার্মান কিছু ভক্ত এখনও যে ওজিলকে অপরাধী মনে করছেন তার সর্বশেষ উদাহরণই এই ঘটনা।
জার্মান বংশোদ্ভূত হলেও ওজিল ও গুন্ডোগানের বাবা-মা তুরস্ক বংশোদ্ভূত। আর এই দুই তারকাই গত মে মাসে লন্ডনে বিতর্কের জন্ম দেন একটি ছবি তুলে। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলে পোস্ট দেন জার্মানির প্রাথমিক দল ঘোষণার আগের দিন। এ নিয়ে তাদের জার্মান দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই। এমনকি দুয়ো দিতেও দেখা গেছে তাদের।








