২০১৬ ইউরোতে বাজে অভিজ্ঞতা হয়েছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আসক্ত হয়ে পড়েছিলেন। আসক্তি এতই ছিল যে অন্তর্জালে ঘুরে বেড়ানো সমালোচনা প্রভাব ফেলেছিল তার ওপর। সেই থেকে নিজেকে সতর্ক করেছেন ইংলিশ ফরোয়ার্ড। এবার রাশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখেছেন। উদ্দেশ্য একটাই খেলায় পূর্ণ মনোযোগ।
সেই কথা জানিয়ে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরারের মত, ‘আমি নিজের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগী। তাই এসব বিষয় থেকে যত দূরে থাকবো তত বেশি খেলায় মনোযোগী হতে পারবো। তখন নিজের উন্নতিটাও চোখে পড়বে।’
আগের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে কেইন বলেন, ‘আমি ইউরো নিয়ে খুব বেশি রোমাঞ্চিত ছিলাম। তখন টুইটার আর নিউজের অ্যাপস নিয়ে পড়ে থাকতাম। কিন্তু তখন এর নেতিবাচক প্রভাব পড়েছিল আমার ওপর। পড়ছিলাম খুব বেশি যে আমাকে নিয়ে কী কথা হয়। একই সঙ্গে সেসব নিয়ে খুব ভাবছিলামও।’ তাই নিজের সেরাটা দিতে এসব থেকে দূরে থাকাই শ্রেয় মনে করছেন কেইন, ‘যখন খুব নির্ভার থাকবো তখনই কেবল সম্ভব সেরাটা দেওয়ার। আমি এবার থেকেই কৌশল পাল্টেছি। সোশ্যাল মিডিয়া থেকে যত পারা যায় দূরে থাকো।’
মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।








