মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কলম্বিয়া। তাতে চোট শঙ্কায় রয়েছেন দলের প্রাণভোমরা হামেস রোদ্রিগেস। চোট অতটা গুরুতর না হলেও তার খেলা নিয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।
দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘হামেস আক্রান্ত স্থানে স্ক্যান করেছে। পানি জমে যাওয়ায় ডান পায়ের কিছু অংশ ফুলে গেছে। তবে সেখানে গুরুতর কিছু নেই।’
সেনেগালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বদলি হয়ে খেলেছেন হামেস। ম্যাচটিতে চোট নিয়েই বের হয়ে গিয়েছিলেন। চোটের কারণে শুক্রবার, শনিবার দলের অনুশীলনেও অংশ নেননি। চোট নিয়ে শঙ্কা থাকলেও কলম্বিয়ার ফুটবল ফেডারেশন নিশ্চিত করেনি যে ইংল্যান্ডের বিপক্ষে সে খেলতে পারবে কিনা।
তবে কলম্বিয়া কোচ হোসে পেকেরমান আশাবাদী হামেসকে নিয়ে, ‘আমাদের জন্যে ভালো খবর হলো ওর চোট অত গুরুতর নয়। আমরা তার ওপর পর্যবেক্ষণ করবো। আশা করছি সে ম্যাচে খেলতে পারবে।’ তবে কোনও কারণে সে খেলতে না পারলে একাদশে দেখা যাবে সেভিয়া ফরোয়ার্ড লুইস মুরেলকে। তার প্রসঙ্গে কোচ পেকেরমান জানান, ‘মুরেল আমাদের জন্য তখন বিকল্প। সেনেগালের বিপক্ষে ও কিন্তু দুর্দান্ত ছিল।’








