মেহেদী হাসান মিরাজের ডেলিভারিতে স্টুয়ার্ট ব্রডের ক্যাচটি গ্ল্যাভসবন্দি করে খালেদ মাসুদ পাইটলকে টপকে গেলেন মুশফিকুর রহিম। ইংলিশদের বিপক্ষে ৪৯তম টেস্ট ম্যাচে উইকেটরক্ষক হিসেবে পাইলটকে ছাড়িয়ে গেলেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসাল এখন মুশফিকের। আগের দিন মঈন আলীর ক্যাচ নিয়ে ছুঁয়েছিলেন পাইলটকে, শুক্রবার ব্রডের ক্যাচ গ্ল্যাভসবন্দি করে বাংলাদেশের হয়ে সেরা ডিসমিসালের রেকর্ড নিজের করে নেন মুশফিক।
৬১ ইনিংসে পাইলট ৮৭টি ডিসমিসাল করেছেন, অন্যদিকে মুশফিকের ৮৮ ডিসমিসালে সময় লেগেছে ৭৬ ইনিংস। মুশফিকের ৮৮টি ডিসমিসালের মধ্যে ৭৭টি ক্যাচ এবং ১১টি স্ট্যাম্পিং রয়েছে।
এই দুজন ছাড়াও লিটন কুমার দাস, মেহরাব হোসেন অপি ও মোহাম্মদ সেলিম উইকেটের পেছনের দায়িত্ব পালন করেছেন। তারা ছাড়া মূল উইকেটরক্ষকের ইনজুরিতে উইকেটের পেছনটা সামলেছেন মাহমুদউল্লাহ, রাজিন সালেহ ও শাহরিয়ার হোসেন। তাদের তিনজনেরও একটি করে ডিসমিসাল রয়েছে।
/আরআই/কেআর/








