সুপ্রিম কোর্টের আদেশে আগেই পদ হারিয়েছেন সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সাধারণ সম্পাদক অজয় শিরকে। এবার তাদের অধীনস্থ কর্মীদেরও ছাঁটাই করার নির্দেশনা আসলো। দুই কর্মকর্তার অফিসের কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে নিযুক্ত নতুন প্রশাসক প্যানেল। শুধু ছাঁটাই নয় এদের মধ্যে কাউকে কাউকে কারণ দর্শানোর নির্দেশও দিতে পারে এই প্যানেল।
বিষয়টি নিশ্চিত করে প্রশাসক প্যানেলের প্রধান বিনোদ রায় বলেছেন, ‘ওই দুই অফিসের কর্মীদের এখন কোনও প্রয়োজন নেই। তাই তাদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত হয়েছে।’
এদিকে ভারতের মিডিয়া ম্যানেজারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নিশান্ত অরোরা। মূলত ১ ফেব্রুয়ারি প্রশাসক প্যানেল সিদ্ধান্ত নেয় যে অনুরাগ ঠাকুর ও অজয় শিরকের অধীনস্থ কোনও কর্মীকে রাখবে না বর্তমান প্যানেল। আর অরোরার প্রতি দল ও বোর্ড সন্তুষ্ট থাকলেও নতুন এই সিদ্ধান্তের ফলে পদ ছাড়তে হয় অরোরাকে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের সাবেক মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক বিনোদ রায়কে প্রধান করে প্রশাসক প্যানেল গঠন করে দেশটির সুপ্রিম কোর্ট। বাকিরা হলেন- ক্রিকেট হিস্টোরিয়ান ও লেখক রামচন্দ্র গুহ, ভারতের সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক দিয়ানা এদুলজি ও আইডিএফসির প্রধান নির্বাহী বিক্রম লিমায়ে। লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী নতুন নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে এই প্যানেল।
/এফআইআর/







